মধ্যপ্রাচ্য

পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি ইরানের, মার্কিন শিবিরে উদ্বেগ

তেহরান, ১২ মার্চ – ইরানের কাছে এমন বিশেষায়িত ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা সম্ভব। প্রয়োজনে আগামী কয়েক দিনের মধ্যেই এই প্রযুক্তির ব্যবহার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আলি ফাদাভি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। আলি ফাদাভি জানান, তাদের হাতে থাকা পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রগুলোর গতি প্রতি সেকেন্ডে ১০০ মিটার বা ৩২৮ ফুট।

তিনি আরও দাবি করেন, এ ধরনের অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি বর্তমানে কেবল ইরান ও রাশিয়ার কাছেই রয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে ফাদাভির এই দাবির স্বাধীন সত্যতা যাচাই করতে পারেনি। সামরিক বিশ্লেষকদের ধারণা, পানির নিচ থেকে ইরানের এই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করবে। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকেও সম্ভাব্য বিকল্প প্রতিরক্ষামূলক ব্যবস্থার কথা ভাবতে হতে পারে।

এস এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language