দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমেছে: আইনমন্ত্রী

ঢাকা, ১২ মার্চ – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সূচক বর্তমানে উন্নতির দিকে রয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের মতো ঘটনা এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। পাশাপাশি গায়েবি ও মিথ্যা মামলার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই ইতিবাচক অগ্রগতিকে আরও সামনে এগিয়ে নিতে আইনজীবীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারা প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, এই ধারাটি সাধারণ মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে একটি কার্যকর আইনি রক্ষাকবচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেক সময় নিরীহ মানুষের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দায়ের করা হয়। বছরের পর বছর পুলিশ রিপোর্টের অপেক্ষায় থেকে এই মানুষগুলো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, বিদেশ ভ্রমণ এবং চিকিৎসাসেবা গ্রহণের মতো মৌলিক সুযোগ থেকে বঞ্চিত হন। এমন সমস্যা নিরসনে উচ্চতর পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপস্থিত আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, সঠিক মানবিক মূল্যবোধ, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করলে দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার নিশ্চিত করা সম্ভব। রাজনৈতিক আদর্শ বা দর্শন যাই হোক না কেন, দিনের শেষে সবাইকে দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে কাজ করতে হবে। আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরা নিজেদের নৈতিক অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে নাগরিকদের জন্য কাঙ্ক্ষিত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম এবং সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।
এনএন/ ১২ মার্চ ২০২৬









