জাতীয়

আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, হতে পারে ঐতিহাসিক সিদ্ধান্ত

ঢাকা, ১২ মার্চ – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই প্রথম সংসদ অধিবেশন।

প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি এবং এরপর তিনি সংসদে আনুষ্ঠানিক ভাষণ দেবেন।

অধিবেশন সামনে রেখে গতকাল বুধবার দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হতে পারে।

তিনি আরও জানান, আজ অধিবেশনের পর আগামী ১৫ মার্চ পুনরায় সংসদ বসবে এবং এরপর বিরতি দেওয়া হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো ধারণ করেই সংসদের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে প্রথম অধিবেশনকে কেন্দ্র করে এরই মধ্যে সংসদ ভবন নতুনভাবে সাজানো হয়েছে। গত ৫ আগস্ট বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় বিভিন্ন ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই দিন সংসদ ভবন, সংসদ সদস্য ভবন, পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব মেরামতের জন্য গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে কাজ করেছে এবং এতে ব্যয় হয়েছে প্রায় একশ কোটি টাকার বেশি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে ৬৮টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর বিএনপি জোটের সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির জোট তাদের সংসদীয় দলের বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নির্বাচিত করেছে।

এনএন/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language