মধ্যপ্রাচ্য

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের তিন শর্ত

তেহরান, ১২ মার্চ – ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধে তিনটি সুনির্দিষ্ট শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই শর্তগুলোর কথা জানান।

পেজেশকিয়ান উল্লেখ করেন যে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

তিনি জানান যে এই সংঘাতের অবসান ঘটাতে হলে প্রথমত ইরানে চালানো হামলার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ন্যায্য অধিকারগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যাতে নতুন করে কোনো আগ্রাসন না চালায় তার জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা প্রদান করতে হবে।

এক্সে দেওয়া ওই পোস্টে তিনি আরও বলেন যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হওয়া এই যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো ইরানের অধিকারের স্বীকৃতি উপযুক্ত ক্ষতিপূরণ এবং ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা।

এনএন/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language