সংসদ অধিবেশন: বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

ঢাকা, ১১ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাজধানী ঢাকার সংসদ ভবন ও এর আশপাশের এলাকার সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের অধিবেশনের কারণে ওই এলাকায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াত থাকবে। এর ফলে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর বা গণভবন ক্রসিং এলাকায় অন্য সময়ের তুলনায় অতিরিক্ত যানবাহনের চাপ থাকবে।
যানজট পরিস্থিতি এড়াতে ট্রাফিক বিভাগ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্ধারিত কয়েকটি সড়কে ডাইভারশন বা যান চলাচলের বিকল্প ব্যবস্থা কার্যকর করবে।
নির্দেশনায় বলা হয়েছে, ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে যেসব গাড়ি বেগম রোকেয়া সরণির দিকে যাবে, সেগুলো ডানে মোড় নিতে পারবে না। এসব গাড়িকে সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। অন্যদিকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী গাড়ি বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যাবে।
এছাড়াও উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।
যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশের এসব নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এনএন/ ১১ মার্চ ২০২৬









