জাতীয়

ভারতের নুমালিগড় থেকে পাইপলাইনে পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল

দিনাজপুর, ১১ মার্চ – আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে।

বুধবার সন্ধ্যায় ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পার্বতীপুরে আসতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে।

কৃষিনির্ভর উত্তরাঞ্চলের আটটি জেলায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যেকোনো পরিস্থিতিতে রেলপথ ও সড়কপথে পরিবহন ঝুঁকি এড়াতে আসামের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি থেকে পার্বতীপুর পর্যন্ত এই দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছিল।

চুক্তির শর্ত অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে।

চুক্তি মোতাবেক ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এই আমদানির মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৬২ কোটি টাকা, যার একটি অংশ বিপিসি নিজস্ব অর্থায়নে এবং বাকি অংশ ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করবে।

এদিকে আগামী চার মাসের মধ্যে একই পাইপলাইন ব্যবহার করে আরও ৫০ হাজার টন অতিরিক্ত ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বিপিসি।

জানা গেছে, পাইপলাইনের মাধ্যমে ভারত ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে এক লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে।

এনএন/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language