মধ্যপ্রাচ্য

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

তেহরান, ১১ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

বুধবার আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সিপাহ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিপাহ নিউজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কেন্দ্র মিনা সালমান বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে।

একই সময়ে কুয়েতের ক্যাম্প প্যাট্রিয়ট ঘাঁটিতেও হামলা চালানো হয়। এর ফলে মোহাম্মদ আল-আহমদ এবং আলী আল-সালেম নৌঘাঁটিতে মার্কিন সেনাদের সরঞ্জাম রাখার স্থান, আবাসন এবং সমাবেশ কেন্দ্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে ইরানি বাহিনী। অন্যদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এই হামলায় বিমানবন্দরের কাছে ইরানের ছোড়া দুটি ড্রোন আঘাত হানে। এতে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দুটি ড্রোন আঘাত হানার বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

তবে হামলার পরও ওই বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানানো হয়।

এনএন/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language