রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ

ঢাকা, ১১ মার্চ – রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় চেয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসটেনসেনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতকে একটি অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশও একই ধরনের সুযোগ পাওয়ার প্রত্যাশা করছে। এমন সুযোগ পাওয়া গেলে তা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের সহায়তা হবে বলে তিনি উল্লেখ করেন। বিষয়টি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে বার্তা পাঠাবেন বলে জানিয়েছেন।
বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সম্ভাব্য বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী জানান এই বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি তবে দেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সুবিধা আদায়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কার বিষয়ে তিনি বলেন যুদ্ধ স্বল্প মধ্য বা দীর্ঘমেয়াদি যাই হোক না কেন সব পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করছে।
এনএন/ ১১ মার্চ ২০২৬









