জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা, ১১ মার্চ – ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ থেকে দেশবাসীকে সুরক্ষিত রাখতে আগামী ১৪ মার্চ থেকে দেশব্যাপী বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন এবং ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এডিস মশার কামড়েই এই রোগ ছড়ায়, তাই আগেই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি আরও উল্লেখ করেন, সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও এখন তা নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোনো সময় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বৃষ্টির পানি জমে এমন স্থান, যেমন ড্রেন, ডোবা বা নর্দমা পরিষ্কার রাখা মশার প্রজনন রোধে সবচেয়ে কার্যকর উপায়। প্রধানমন্ত্রী জানান, পরিষ্কার পানিতে মাত্র তিন দিনেই এডিস মশা জন্মাতে পারে। তাই বাড়ির আঙিনা, ছাদ, কার্নিশ, ফুলের টব, ড্রাম ও পরিত্যক্ত টায়ারে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রতি সপ্তাহে অন্তত একবার ঘর ও চারপাশ পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসনকে যুক্ত করে ১৪ মার্চ শনিবার থেকে দেশজুড়ে কার্যক্রম চলবে। প্রধানমন্ত্রী সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধিকে নিজ নিজ এলাকায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন। পরিশেষে তিনি বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূল কথা হলো প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। নিয়মিত এই অভিযান পরিচালিত হলে ডেঙ্গুর মতো মরণঘাতী রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।

এস এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language