ভারতের কাছে জ্বালানি সরবরাহ বাড়ানোর আনুষ্ঠানিক প্রস্তাব বাংলাদেশের

ঢাকা, ১১ মার্চ – জ্বালানি সরবরাহ বাড়াতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। আজ বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ সরকারের এই আনুষ্ঠানিক প্রস্তাবের বিষয়টি তিনি দ্রুততম সময়ের মধ্যে ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।
প্রণয় ভার্মা আরও উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি শক্তিশালী সংযোগ রয়েছে যা উভয় দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত ট্রান্সমিশন লাইন এবং পাইপলাইন চালু রয়েছে। এই প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
এস এম/ ১১ মার্চ ২০২৬









