যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে খেলতে পারবে ইরান, ইনফান্তিনোকে আশ্বস্ত করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১১ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই আগামী জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। পারমাণবিক ইস্যু ও সংঘাতের কারণে এই টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট তাকে আশ্বস্ত করেছেন যে ফিফা বিশ্বকাপে ইরানের অংশ নিতে কোনো বাধা নেই। ট্রাম্প বরং তেহরানকে এই বৈশ্বিক আসরে স্বাগত জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে জিয়ান্নি ইনফান্তিনো জানান তারা ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন। আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ইরানি দলকে তিনি স্বাগত জানাবেন। সূচি অনুযায়ী বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইনফান্তিনো তার বার্তায় আরও বলেন বর্তমান পরিস্থিতিতে মানুষকে আগের চেয়ে আরও বেশি একত্রিত করতে ফিফা বিশ্বকাপের মতো একটি বড় আয়োজনের খুব প্রয়োজন। এই উদ্যোগে সমর্থন দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। উল্লেখ্য এবারই প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে ফিফা বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। আগামী ১২ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। এরপর ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান।
এস এম/ ১১ মার্চ ২০২৬









