মধ্যপ্রাচ্য

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ হস্তান্তরের নির্দেশ শ্রীলঙ্কার

কলম্বো, ১১ মার্চ – যুক্তরাষ্ট্রের সাবমেরিনের হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’র ৮৪ জন নাবিকের মরদেহ ইরানের দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। গত ৪ মার্চ সকালে মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে দেনা ফ্রিগেটটি ডুবে যায়। ঘটনার পরপরই শ্রীলঙ্কার উদ্ধারকারী দল জাহাজটির ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইট থেকে জানা যায়, ওই হামলায় মোট ১০৪ জন নাবিক প্রাণ হারান। এর মধ্যে ৮৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সেগুলো ইরানে ফেরত পাঠানো হবে। অন্যদিকে শ্রীলঙ্কার ডুবুরি দল ব্যাপক তল্লাশি চালালেও বাকি ২০ জন নাবিকের কোনো সন্ধান পায়নি। নিখোঁজ এই নাবিকদের অমর হিসেবে ঘোষণা করেছে ইরানের সেনাবাহিনী।

উল্লেখ্য, ইরানে সংঘাত শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ফেব্রুয়ারি মাসে ভারতের আন্তর্জাতিক সামরিক মহড়া ‘গ্লোবাল ফ্লিট রিভিউ ২০২৬’ এ অংশ নিয়েছিল যুদ্ধজাহাজ দিনা। এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এ প্রসঙ্গে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ প্রকাশ করে জানান, সামরিক মহড়ায় আমন্ত্রণ না জানালে হয়তো এমন মর্মান্তিক ঘটনা ঘটত না। তিনি আরও উল্লেখ করেন, মহড়ার নিয়ম অনুযায়ী জাহাজটিতে কোনো গোলাবারুদ ছিল না, যার ফলে সেটি পুরোপুরি অরক্ষিত অবস্থায় হামলার শিকার হয়।

এস এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language