জাতীয়

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সব সেতুতে ইটিসি টোল বুথ চালুর নির্দেশ

ঢাকা, ১১ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা দ্রুত ও নির্বিঘ্ন করতে দেশের সব গুরুত্বপূর্ণ সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি টোল বুথ সচল রাখার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বুধবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন স্থাপনা ব্যবহারকারী যাত্রীদের যাতায়াত নিরাপদ করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রকল্পের পরিচালক এবং সাইট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। সভাপতির বক্তব্যে সেতু সচিব জানান, প্রধানমন্ত্রী সারা দেশে জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ, আরামদায়ক ও স্বস্তিময় করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সার্বক্ষণিকভাবে বিষয়গুলো তদারকি করছেন। সাধারণ মানুষের ঈদযাত্রা সুশৃঙ্খল ও দুর্ঘটনামুক্ত রাখতে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। সভায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর নির্মাণসামগ্রী যত্রতত্র ফেলে রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার পরামর্শ দেওয়া হয়। সড়কে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত জনবল নিয়োগ, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অতিরিক্ত যাত্রী বহন রোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়।

সেতু সচিব জোর দিয়ে বলেন, ইটিসি কার্ডধারী গাড়িগুলো যেন দ্রুত পার হতে পারে, সেজন্য সব সেতুর উভয় প্রান্তে ইটিসি টোল বুথ অবশ্যই চালু রাখতে হবে। একইসঙ্গে ট্রাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির জন্য টোল প্লাজা ও বুথে সিসিটিভি ক্যামেরা সচল রাখার নির্দেশ দেওয়া হয়। দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে বুথগুলোতে পর্যাপ্ত ভাঙতি টাকা রাখার কথাও বলা হয়েছে। ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি যেন যানজট সৃষ্টি করতে না পারে, সেজন্য পরিবহন মালিক, চালক ও যাত্রীদের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া এলেঙ্গাতে নবনির্মিত বাস বে ব্যবহার করা এবং মহাসড়কে যত্রতত্র বাস থামিয়ে যানজট সৃষ্টি না করার জন্য চালকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

এস এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language