মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক অভিযান জোরদার, বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা

তেহরান, ১১ মার্চ – সামরিক অভিযানের ৩৫তম ধাপ শুরু করেছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটেছে। কাতারে কয়েক ঘণ্টা আগে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবর পাওয়া গেছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়াও একটি বৃহৎ তেলক্ষেত্রের দিকে উড়ে আসা ড্রোন মাঝপথেই ভূপাতিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত আজ সকালে জানিয়েছে যে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার কড়া জবাব দিচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে বাহরাইন তাদের দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে। ইরান দাবি করেছে যে তারা এসব দেশের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করেছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এসব দাবির কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। এর আগে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা তথ্য দেয় যে, হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এর ফলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং বাধ্য হয়ে নাবিকরা জাহাজটি পরিত্যাগ করেন। চলমান যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় এলাকায় চলাচলকারী বাণিজ্যিক ও অন্যান্য জাহাজগুলোতে সন্দেহভাজন অন্তত ১০টি ইরানি হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, হরমুজ প্রণালীতে ইরান নতুন করে মাইন বসানোর কাজ শুরু করতে পারে। অতীতেও এমন ঘটনার নজির রয়েছে। এদিকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্র আজ ১৬টি মাইন বসানোর নৌযানে হামলা চালিয়েছে।
এস এম/ ১১ মার্চ ২০২৬









