মাদারীপুর

মাদারীপুরে ব্যবসায়ী হত্যার জেরে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ, সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

মাদারীপুর, ১১ মার্চ – মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়াইফাই ব্যবসায়ী আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে।

এই হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের অন্তত ৪০টি বসতঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জড়িতদের ধরতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদার এবং হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে মনিরুজ্জামান আক্তারের চাচাতো ভাই আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়। জানা যায় দীর্ঘ দিন ধরে ওই এলাকার হাসান মুন্সির সাথে তাদের বিরোধ চলছিল। এই ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় হাসান মুন্সির সমর্থকদের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বুধবার সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় ৮৬ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বোন লাইজু আক্তার দাবি করেন তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং প্রতিপক্ষ নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছে।

অন্যদিকে আগুনে ক্ষতিগ্রস্ত হামুমন নেছা ও ডালিয়া আক্তার তাদের সর্বস্ব লুট হওয়ার অভিযোগ তুলে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ যেন আর ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language