ইথিওপিয়ায় ভারি বৃষ্টি ও বন্যায় অন্তত ৩০ জনের প্রাণহানি

আদ্দিস আবাবা, ১১ মার্চ – ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলের গামো এলাকায় ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে গামো অঞ্চলের যোগাযোগ বিভাগ জানায় যে ভারি বৃষ্টিপাতের কারণে বিশেষ করে দেগামা এলাকায় ৩০ জনের মৃত্যুর ঘটনায় অঞ্চল প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে।
সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব আফ্রিকার বিভিন্ন এলাকায় তীব্র বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে গত শুক্রবার প্রতিবেশী দেশ কেনিয়ার রাজধানী নাইরোবিসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিলে সেখানেও বেশ কয়েকজন মানুষ নিহত হন।
একাধিক গবেষণায় উঠে এসেছে যে গত ২০ বছরে পূর্ব আফ্রিকায় চরম মাত্রার শুষ্ক এবং অতিবৃষ্টির সময়কাল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে প্রবল বর্ষণসহ চরম আবহাওয়া পরিস্থিতির সম্ভাবনা, স্থায়িত্ব এবং তীব্রতা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে।
এ এম/ ১১ মার্চ ২০২৬









