তেলের দাম নিয়ন্ত্রণে ইতিহাসে সবচেয়ে বড় মজুদ ছাড়ার প্রস্তাব আইইএর

তেহরান, ১১ মার্চ – ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এই ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ তাদের ইতিহাসে সবচেয়ে বড় তেল মজুদ বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানানো হয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর আইইএর সদস্য দেশগুলো বাজারে প্রায় ১৮২ মিলিয়ন ব্যারেল তেল উন্মুক্ত করেছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের প্রস্তাবিত তেলের পরিমাণ আগের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। সংবাদমাধ্যমটির মতে, মঙ্গলবার আইইএর ৩২টি সদস্য দেশের জ্বালানি কর্মকর্তাদের একটি জরুরি বৈঠকে এই নতুন প্রস্তাবটি উত্থাপন করা হয়। বুধবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ১১ মার্চ ২০২৬









