নেত্রকোনা

নেত্রকোনায় অটোরিকশায় লুকানো ৩০ কেজি গাঁজাসহ চারজন আটক

নেত্রকোনা, ১১ মার্চ – নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকায় কেন্দুয়া থেকে আঠারবাড়িগামী সড়কে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মো. কবির, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের মো. সোহাগ মিয়া, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ইসুলিয়া গ্রামের মো. রিপন মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গিলামোড়া গ্রামের মো. মনিরুল ইসলাম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক নাজমুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকায় অভিযান চালায়। সড়কে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে অটোরিকশার পেছনে ইঞ্জিনের পাশে কৌশলে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর ওই চারজনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা বলে জানা গেছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মিহির রঞ্জন জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language