মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান কাতারের

দোহা, ১১ মার্চ – ইরানের তোপের মুখে এবার সুর নরম করেছে প্রতিবেশী দেশ কাতার। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনা ও শত্রুতা কমানোর আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি। পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে চলমান সংকট সমাধানের জন্য তিনি ইরান এবং যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি মন্তব্য করেন, আঞ্চলিক প্রতিবেশীদের ওপর ইরানের আক্রমণ কারও জন্যই সুবিধাজনক বা মঙ্গলজনক নয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলসহ প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলের জ্বালানিনির্ভর অর্থনীতিও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কাতারের মন্ত্রী জানান, বেসামরিক স্থাপনায় হামলাসহ বিস্তৃত পরিসরের এসব আক্রমণের ঘটনায় কাতার অত্যন্ত উদ্বিগ্ন।
বর্তমানে যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি উল্লেখ করেন। কাতারের বিশ্বাস, আলোচনার টেবিলে ফিরে আসা ছাড়া এই সংকটের কোনো টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব নয়। আল-খুলাইফি আরও স্পষ্ট করেন, কাতার রাষ্ট্রের ওপর যেকোনো অযৌক্তিক ও জঘন্য আক্রমণের তারা তীব্র নিন্দা জানায়, কারণ এটি সরাসরি তাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। দোহা এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং নিজেদের প্রতিরক্ষার স্বার্থে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
এস এম/ ১১ মার্চ ২০২৬









