জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক শুরু

জাতীয় সংসদ ভবন, ১১ মার্চ – সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভার বৈঠক শুরু হয়েছে।

বুধবার সকাল সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে, বৈঠকে সরকারদলীয় সব সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নিয়েছেন।

সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে সংসদ সদস্যদের আরও কীভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে। সূত্রটি আরও জানায় যে, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন।

বিশেষ করে নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন, জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহি নিশ্চিত করা এবং একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়তে সংসদ সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখার বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

এছাড়া আগামীকাল প্রথম সংসদ অধিবেশনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাস, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সংসদে বিরোধী দলের উত্থাপিত বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও সমালোচনার বিষয়ে দলীয় কৌশল কী হবে তা নিয়েও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারদলীয় চিফ হুইপসহ অন্যান্য হুইপ এবং সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

এ এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language