ক্রিকেট

বুমরাহকে স্লোয়ার বলের বিশেষ কৌশল শিখিয়েছিলেন আমিরাতের পেসার জাহুর

ইসলামাবাদ, ১১ মার্চ – পাকিস্তানের বংশোদ্ভূত এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার জাহুর খান দাবি করেছেন যে তিনি ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে স্লোয়ার বল করার একটি বিশেষ কৌশল শিখিয়েছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জাহুর এই চাঞ্চল্যকর দাবি করেন।

জাহুর জানান যে ২০১৯ সালের আইপিএলে সংযুক্ত আরব আমিরাত পর্বে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের নেট বোলার হিসেবে কাজ করছিলেন। সেই সময়েই বুমরাহর সঙ্গে তার ধীরগতির বল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাহুরের মতে বুমরাহ আগে থেকেই স্লোয়ার বল করতেন তবে একই অ্যাকশন ও গ্রিপ বজায় রেখে কিভাবে আরো কার্যকরভাবে স্লোয়ার ডেলিভারি দেওয়া যায় সেই কৌশলটি তিনি ভারতীয় এই পেসারকে দেখিয়েছিলেন।

তিনি আরও জানান যে আবুধাবিতে একটি ম্যাচে বুমরাহ ট্রেন্ট বোল্ট এবং নাথান কুলটার-নাইল অনেক রান দেওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্স নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছিল।

ঠিক সেই মুহূর্তে তাকে নেটে বল করার জন্য ডাকা হয়। অনুশীলনে তিনি প্রথম বলটি ইয়র্কার করার পর টানা পাঁচটি স্লোয়ার ডেলিভারি দেন। তার এই অসাধারণ বোলিং বৈচিত্র্য দেখে দলের কোচিং স্টাফরা রীতিমতো বিস্মিত হয়ে যান। জাহুরের বোলিং দেখে মুম্বাই ইন্ডিয়ান্সের তৎকালীন বোলিং কোচ শেন বন্ড এবং প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে তার বল ধরার ধরন বা গ্রিপ সম্পর্কে জানতে চান।

জাহুর তাদের জানান যে তিনি একই গ্রিপ ও একই বোলিং অ্যাকশন ব্যবহার করেই নিখুঁতভাবে স্লোয়ার বল করছিলেন। পরবর্তীতে অনুশীলনের সময় বুমরাহ নিজে থেকে তার কাছে গিয়ে গ্রিপটি দেখতে চান। জাহুর তাকে পুরো পদ্ধতিটি বুঝিয়ে বলেন এবং বুমরাহ সেটি নেটে প্রয়োগ করে দেখেন।

এই প্রসঙ্গে জাহুর বলেন যে তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাত দলের একজন সাধারণ খেলোয়াড় এবং বুমরাহ বিশ্বের অন্যতম সেরা বোলার। এত বড় মাপের তারকা হওয়ার পরও বুমরাহ যে তার কাছ থেকে নতুন কিছু শিখতে আগ্রহ প্রকাশ করেছেন তা জাহুরের কাছে অত্যন্ত ভালো লেগেছে।

এ এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language