সাতক্ষীরা

ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ভোমরা স্থলবন্দর, ১১ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা দশ দিন সব ধরনের আমদানি এবং রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়েও সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক মাসিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, আগামী ১৭ মার্চ পর্যন্ত বন্দরের আমদানি এবং রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বর্তমানে রমজান মাস উপলক্ষে প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত পণ্য খালাস ও লোডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা দশ দিন ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। এই সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ বা বের হতে পারবে না। তবে আগামী ২৮ মার্চ থেকে পুনরায় যথারীতি আমদানি এবং রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের সীমান্ত পারাপার পুরোপুরি স্বাভাবিক থাকবে। ঈদ উপলক্ষে যেসব যাত্রী যাতায়াত করবেন, তাদের জন্য ইমিগ্রেশন সেবা চালু রাখা হবে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, সরকারি ছুটির কারণে এই সময়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দর ও কাস্টমস হাউসের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলমান থাকবে। ঈদের ছুটিতে সাময়িকভাবে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ২৮ মার্চ থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হলে ভোমরা স্থলবন্দর তার নিয়মিত কার্যচাঞ্চল্যে ফিরে আসবে।

এস এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language