কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি ‘আরিফজান’-এ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত সিটি, ১১ মার্চ – ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প আরিফজানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর সদরদপ্তরে মোট চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র সরাসরি কুয়েতের ক্যাম্প আরিফজানকে লক্ষ্য করে ছোড়া হয়। উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দেশটিতে হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইরানও ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। একইসঙ্গে আরব বিশ্বের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ জড়িত রয়েছে সেসব স্থানেও ইরানের পক্ষ থেকে হামলা চালানো হচ্ছে। এর ফলে চলমান এই সংঘাত এখন মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্তত ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে।
এস এম/ ১১ মার্চ ২০২৬









