চট্টগ্রামে বড় সাজ্জাদ গ্রুপের তিন সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম, ১১ মার্চ – চট্টগ্রাম নগরে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগীকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রথমে চকবাজার থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মো. আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে রিমন ওরফে ইমনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি থ্রি-টু বোর রিভলভার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রটি পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, কাইয়ুম বহদ্দারহাটের আলোচিত আট হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং বড় সাজ্জাদ গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে ব্রাজিলিয়ান টরাস (৯ এমএম) পিস্তল ও একটি মোটরসাইকেলসহ মনির নামে আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়। পিস্তলটি ডবলমুরিং থানা থেকে লুট করা হয়েছিল।
পরে মনিরের তথ্য অনুযায়ী বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে সায়েম নামের আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানা এলাকা থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা বড় সাজ্জাদ গ্রুপের সক্রিয় সদস্য এবং খুন, ডাকাতি, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণে সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত। জব্দ হওয়া অস্ত্রগুলো সম্প্রতি চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় ব্যবহৃত হয়েছে কি না, তা ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।
এদিকে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছিনতাইকারী ধরতে বিশেষ অভিযান চালিয়েছে সিএমপির গোয়েন্দা শাখা (ডিবি পশ্চিম)। কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে মারুফ হোসেন তুষার (২১), মো. বাবু (২৭) ও মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধামা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। তাদের সহযোগীদের ধরতে এবং আরও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এনএন/ ১১ মার্চ ২০২৬









