এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

ঢাকা, ১০ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন। কড়াইল, ভাসানটেক এবং সাততলা এলাকার পনেরো হাজার নারীকে এই সুবিধার আওতায় আনার মাধ্যমে সরকার তার অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করল।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে এই কাজ শুরু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সতেরোটি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের রেপ্লিকা তুলে দেন। সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট নাগরিকেরা এতে অংশ নেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও জানান, একটি দায়িত্বশীল সরকার হিসেবে তারা দেশের মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটে নির্বাচিত সরকার তাদের কাছে জবাবদিহি করতে বাধ্য। ফ্যামিলি কার্ডের পাশাপাশি আগামী মাসে কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।
তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত সপ্তাহেই কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। প্রাথমিকভাবে দেশের তেরোটি জেলার পনেরোটি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। প্রকৃত সুবিধাভোগীদের কাছে কার্ড পৌঁছে দিতে তথ্য সংগ্রহ, যাচাই এবং তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
এনএন/ ১০ মার্চ ২০২৬









