জাতীয়

হঠাৎ বাড়ল ডলারের দাম, আমদানিতে ব্যয় হচ্ছে ১২৩ টাকা

ঢাকা, ১০ মার্চ – প্রায় দেড় বছর স্থিতিশীল থাকার পর দেশের বৈদেশিক মুদ্রাবাজারে হঠাৎ করেই মার্কিন ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, আগাম ঋণপত্রের দায় পরিশোধের চাপ এবং প্রবাসী আয় সংগ্রহের প্রতিযোগিতাই ডলারের এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। মঙ্গলবার ব্যাংকগুলো ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত দামে প্রবাসী আয় কিনেছে।

এর ফলে আমদানিতে ডলারের দাম ১২৩ টাকা পর্যন্ত উঠে গেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর সূত্রমতে, মাত্র এক সপ্তাহ আগেও আমদানিতে ব্যাংকগুলো ১২২ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম নিয়েছিল। হঠাৎ এই মূল্যবৃদ্ধির কারণে আমদানিকারকরা উদ্বেগ প্রকাশ করেছেন। একজন আমদানিকারক জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যাংকগুলো ডলারের দাম বাড়িয়েছে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব ভোক্তা পর্যায়ে পণ্যের দামের ওপর পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত মুদ্রা বিনিময় হার সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ডলারের গড় দরও বৃদ্ধি পেয়েছে। গত ৩ মার্চ ডলারের গড় দাম ছিল ১২২ টাকা ৩৩ পয়সা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ৫৮ পয়সায়। বেসরকারি একটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক থেকে ডলারের দাম ১২৩ টাকার বেশি না বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমদানি দায় মেটানোর চাপ ও সরবরাহ কমে গেলে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ডলারের দাম বাজারভিত্তিক করে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন ওই কর্মকর্তা।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language