যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বক্স অফিসে শীর্ষে ডিজনির ‘হপার্স’

লন্ডন, ১০ মার্চ – যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বক্স অফিসে অসাধারণ সাফল্য নিয়ে যাত্রা শুরু করেছে ডিজনির নতুন অ্যানিমেশন চলচ্চিত্র হপার্স। কমস্কোরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৪.৭ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৬.৩ মিলিয়ন ডলার আয় করে তালিকার শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি। ডিজনির এই সাফল্যের কারণে গত সপ্তাহের শীর্ষস্থানে থাকা প্যারামাউন্টের হরর মুভি স্ক্রিম ৭ দ্বিতীয় স্থানে নেমে এসেছে। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আরও ১.৫ মিলিয়ন ডলার আয় করেছে এবং এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮.২ মিলিয়ন ডলারে।
বক্স অফিসের এই লড়াইয়ে তৃতীয় স্থানে নিজের অবস্থান শক্ত করে ধরে রেখেছে ওয়ার্নার ব্রাদার্সের উদারিং হাইটস। মুক্তির চতুর্থ সপ্তাহেও সিনেমাটি ২.৫ মিলিয়ন ডলার আয় করেছে এবং এর মাধ্যমে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৮ মিলিয়ন ডলারে। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে একই প্রযোজনা সংস্থার নতুন সিনেমা দ্য ব্রাইড। সিনেমাটি উদ্বোধনী সপ্তাহে ৯ লাখ ৫২ হাজার ডলার আয় করেছে। ঠিক এর পেছনেই পঞ্চম স্থানে রয়েছে এন্টারটেইনমেন্ট ফিল্ম ডিস্ট্রিবিউটর্সের কমেডি ধারার ছবি মাদার্স প্রাইড যার সংগ্রহ ৯ লাখ ৪৩ হাজার ডলার।
তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে সনির গোট, ইউনিভার্সালের মিউজিক ইভেন্ট টাইটেল এপিক এলভিস প্রেসলি ইন কনসার্ট এবং সনির ক্রাইম ১০১। তালিকার শেষ দুটি স্থানে জায়গা পেয়েছে ট্রাফালগার রিলিজিংয়ের বিশেষ প্রদর্শনী গিজেল লন্ডন ২০২৬ এবং থিয়েটার ওথেলো। আগামী দিনগুলোতে বক্স অফিসে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইউনিভার্সালের ব্যানারে ভানেসা ক্যাসউইল পরিচালিত এবং মাইকা মনরো অভিনীত রিমাইন্ডারস অব হিম তিন শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।
এছাড়া অ্যানিমে চলচ্চিত্র স্কারলেট, হংকংয়ের অ্যাকশন সিক্যুয়েল ব্যাক টু দ্য পাস্ট প্লাস এবং জাপানি সাহিত্যিক অভিযোজন এ পেল ভিউ অব হিলস দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি করেছে। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত রেজারেকশন এবং ডেভিড লিঞ্চের ক্ল্যাসিক দ্য স্ট্রেইট স্টোরি এর ফোর কে সংস্করণও শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে নতুন এই সিনেমাগুলো আগামী সপ্তাহের বক্স অফিসকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তুলবে।
এস এম/ ১০ মার্চ ২০২৬









