মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহে সৌদি আরামকোর সতর্কবার্তা

তেহরান, ১০ মার্চ – ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংঘাত ও যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্ক করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘস্থায়ী এই অস্থিরতা বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তার মতে এই অস্থিতিশীল পরিস্থিতি যত বেশি সময় ধরে চলতে থাকবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং তেলের দামের ওপর এর ক্ষতিকর প্রভাব ততটাই মারাত্মক হবে।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক হামলা শুরু করে। এর জবাবে ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা আক্রমণ চালায়। বর্তমানে তেহরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে। এমনকি সৌদি আরবের ভেতরে থাকা মার্কিন স্থাপনাগুলোও এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন চরম উত্তেজনাকর এবং অগ্নিগর্ভ রূপ ধারণ করেছে। চলমান এই আগ্রাসনে ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। মার্কিন হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এত ক্ষয়ক্ষতির পরও উভয় পক্ষই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। অন্যদিকে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে আল খারজ গভর্নরেটের পূর্ব দিকে একটি ড্রোনকে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া সৌদি সিভিল ডিফেন্স বাহিনীর তথ্য অনুযায়ী আল জুলফি গভর্নরেটের একটি আবাসিক এলাকায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এর ফলে সেখানে কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language