ঢাবিতে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তির আবেদন শুরু ১২ মার্চ

ঢাকা, ১০ মার্চ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোটায় আবেদন করতে পারবেন।
তবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং নির্ধারিত ক্রীড়া যোগ্যতা পূরণ করতে হবে। আগামী ১২ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পাশাপাশি অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও ফি জমা দেওয়া যাবে।
খেলোয়াড় কোটায় আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে অথবা গত তিন বছরের মধ্যে জাতীয়, জাতীয় ‘এ’ বা বয়স ভিত্তিক দলের সদস্য হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যক্তিগত ক্রীড়ার ক্ষেত্রে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ফেডারেশনভুক্ত খেলায় জাতীয় র্যাঙ্কিংয়ে এক থেকে পাঁচের মধ্যে থাকা বাধ্যতামূলক। আবেদনকারীদের নিজ নিজ ইউনিটের প্রধানদের অধীনে একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এস এম/ ১০ মার্চ ২০২৬









