ক্রিকেট

মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের জেরে আইসিসির দোহা সভা বাতিল

দোহা, ১০ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। চলতি মাসে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড ও বিভিন্ন কমিটির পূর্বনির্ধারিত সভা বাতিল করা হয়েছে। তবে অর্থ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।

পরিস্থিতি স্বাভাবিক হলে এবং মধ্যপ্রাচ্যে বিমান যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হলে আগামী এপ্রিলে সশরীরে এই সভা আয়োজনের সম্ভাবনা রয়েছে। প্রথমবারের মতো ২৫ থেকে ২৭ মার্চ কাতারে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইসিসি বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী, কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের এতে অংশ নেওয়ার কথা ছিল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এবারের সভার মূল আলোচ্য বিষয় ছিল তিনটি। এগুলো হলো ২০২৭ সালে জিওস্টারের সঙ্গে চুক্তি শেষে বিশ্বব্যাপী সম্প্রচার স্বত্ব নির্ধারণ, ভবিষ্যৎ সফরসূচি নিয়ে প্রাথমিক আলোচনা এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের যোগ্যতা অর্জন প্রক্রিয়া চূড়ান্তকরণ।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানে বিমান হামলা চালায়। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরান মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। এই সংঘাতের ফলে ওই অঞ্চলে বিমান যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চলমান এই ভূরাজনৈতিক সংকটের প্রভাব পড়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সাদা বলের সিরিজেও। সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজটি ইতোমধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language