জাতীয়

ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

ঢাকা, ১০ মার্চ – মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সোমবার রাজধানীতে সংগঠনটির ইফতার মাহফিল ও অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অবসরপ্রাপ্ত) সাইফুল্লাহ খাঁন সাইফ অবিলম্বে ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকরের দাবি তুলে ধরেন।

তিনি বলেন দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এই রায় বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী বঞ্চিত সামরিক কর্মকর্তাদের জন্য দ্বিতীয় বোর্ড গঠনেরও আহ্বান জানান। এছাড়া একটি শক্তিশালী ও আধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে জাতীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language