বগুড়া

প্রথমবার মাঠে গড়াচ্ছে নারী বিপিএল, শুরু ৪ এপ্রিল

বগুড়া, ১০ মার্চ – দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পুরুষদের বিপিএলের সফল আয়োজনের পর এবার নারী ক্রিকেটারদের নিয়ে এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে এই টুর্নামেন্টের পর্দা উঠবে। বিসিবি সূত্রে জানা গেছে টি-টোয়েন্টি সংস্করণের এই নতুন টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ে তিনটি দল অংশগ্রহণ করবে। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি তবে টুর্নামেন্টের প্রাথমিক সূচি প্রকাশ করেছে বোর্ড।

সূচি অনুযায়ী ৪, ৫ এবং ৬ এপ্রিল টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। পরবর্তীতে ৯, ১০ এবং ১১ এপ্রিল তিনটি ম্যাচ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল আগামী ১৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে।

আবহাওয়াজনিত কারণে ফাইনাল ম্যাচ বাধাগ্রস্ত হলে ১৫ এপ্রিল রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। নারী বিপিএলকে কেন্দ্র করে উত্তরবঙ্গের ক্রিকেটের অন্যতম প্রধান কেন্দ্র বগুড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানিয়েছেন নারী বিপিএল উপলক্ষে মাঠ প্রস্তুত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং কিউরেটর ও গ্রাউন্ডসম্যানরা নিরলস পরিশ্রম করছেন।

বিসিবির নির্দেশনায় স্টেডিয়ামের মিডিয়া বক্স সংস্কার ও বাইরের রাস্তা মেরামতের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। টুর্নামেন্টে দেশি তারকাদের পাশাপাশি প্রতিটি দলে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও খেলতে দেখা যাবে। বিসিবির পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে।

গ্যালারিতে বসে খেলা উপভোগ করার জন্য টিকিটের ব্যবস্থা থাকলেও এর মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত বগুড়াবাসীর মধ্যে এই নারী বিপিএল ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

স্থানীয় ক্রিকেটপ্রেমীরা আশা করছেন নারী বিপিএল আয়োজনের মাধ্যমে শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও প্রাণের সঞ্চার হবে এবং এর ধারাবাহিকতায় ভবিষ্যতে এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ ফিরে আসবে।

এ এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language