জাতীয়

পবিত্র রমজানের শেষ দশকের ইতিকাফ শুরু আজ

ঢাকা, ১০ মার্চ – ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের শেষ দশকের ইতিকাফ আজ শুরু হচ্ছে। আজ সূর্যাস্তের আগেই মুসল্লিরা মসজিদে প্রবেশ করবেন এবং টানা ১০ দিন সেখানে অবস্থান করবেন।

এই সময়ে তারা নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির এবং দোয়াসহ বিভিন্ন ইবাদতে নিমগ্ন থাকবেন। ঈদের আগের দিন সূর্যাস্তের পর শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার মাধ্যমে তারা ইতিকাফ সম্পন্ন করে মসজিদ থেকে বের হবেন। পবিত্র রমজান মাসের ইতিকাফ উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইতিকাফকারী মুসল্লিদের সুবিধার্থে মসজিদের ভেতরে থাকার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিরা নিজ নিজ ঘর থেকে বিছানা, বালিশ এবং মশারিসহ প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে আসছেন। পাশাপাশি ইফতার ও সাহরিসহ অন্যান্য খাবার সামগ্রীর ব্যবস্থাও অনেকে নিচ্ছেন।

ইসলামী শরিয়ত অনুযায়ী পবিত্র রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া। এর অর্থ হলো, কোনো নির্দিষ্ট মহল্লার অন্তত একজন ব্যক্তি ইতিকাফ আদায় করলে সবাই দায়মুক্ত হবে। অন্যথায় মহল্লার সবাই গুনাহগার হবে। ইতিকাফ একটি আরবি শব্দ, যার অর্থ হলো অবস্থান করা। নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহমুখী করাই হলো ইতিকাফের মূল উদ্দেশ্য।

দৈনন্দিন জীবনে মানুষ সাধারণত নিজের সংসার, ব্যবসা বাণিজ্য এবং নানা দায়িত্ব ও কর্তব্যের চিন্তায় নিমগ্ন থাকে। ইতিকাফ মানুষকে সাময়িকভাবে সব ধরনের পার্থিব ব্যস্ততা থেকে মুক্ত করে মহান আল্লাহর সান্নিধ্যে নিয়ে আসে। এই সময়ে ইতিকাফকারী ব্যক্তি কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া এবং নফল নামাজসহ বিভিন্ন আমলে নিজেকে নিমগ্ন রাখেন।

এর ফলে অন্তর পরিশুদ্ধ হয়, তাকওয়া বৃদ্ধি পায় এবং মহান রবের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হয়। ইসলামের নবী মুহাম্মাদ (সা.) ইতিকাফের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। সাহাবায়ে কেরামও অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইতিকাফ পালন করেছেন। সহিহ বুখারি শরিফের ২০৪৪ নম্বর হাদিসে আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) প্রত্যেক রমজানে শেষ ১০ দিন ইতিকাফ করতেন।

শুয়াবুল ইমান গ্রন্থের ৩৯৬৬ নম্বর হাদিসে হোসাইন ইবনে আলি (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবীজি (সা.) বলেছেন, রমজানের শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ করবে, সে দুটি হজ অথবা ওমরার সওয়াব পাবে।

এ ছাড়া জামে সগির গ্রন্থের ১২২৩০ নম্বর হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় ইতিকাফ করবে, তার পেছনের সব সগিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।

এ এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language