এশিয়া

চীন ও উত্তর কোরিয়ার মধ্যে পুনরায় শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল

বেইজিং, ১০ মার্চ – করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়ার পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হতে যাচ্ছে।

ভ্রমণ পরিচালনাকারীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে এই ট্রেন পরিষেবা আবার চালু হবে। ভ্রমণ সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, এই ট্রেন পরিষেবা মূলত সেসব চীনা নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে যারা উত্তর কোরিয়ায় কাজ করছেন বা পড়াশোনা করছেন।

পাশাপাশি বিদেশে কাজ, পড়াশোনা বা পরিবার পরিদর্শনের উদ্দেশ্যে যাওয়া উত্তর কোরীয় নাগরিকরাও এই সুবিধা পাবেন। বেইজিং ও দানডংয়ের সরকারি টিকিট বিক্রয়কেন্দ্রের ট্রাভেল এজেন্টরা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে আপাতত সাধারণ পর্যটকদের জন্য এই ট্রেনের টিকিট কেনার সুযোগ থাকছে না।

ইয়াং পাইওনিয়ার ট্যুরসের ট্যুর ম্যানেজার রোয়ান বিয়ার্ড মঙ্গলবার এএফপিকে জানান, আন্তর্জাতিক ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ার বিষয়টি অত্যন্ত ইতিবাচক। তিনি নিশ্চিত করেছেন যে, উত্তর কোরিয়ায় ভ্রমণ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ প্রতিষ্ঠান হিসেবে তার কোম্পানিও বৃহস্পতিবার থেকে চলাচলকারী ট্রেনের টিকিট বুকিং করতে পারবে।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত না হলেও ভবিষ্যতে উত্তর কোরিয়ায় পর্যটন পুনরায় চালু হলে এটি ভ্রমণের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠবে।

তখন বিমানে যাতায়াতের পাশাপাশি ট্রেনকেও বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। উল্লেখ্য, করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়া রোধে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০২০ সালে এই দুই দেশের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে গত বছর উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট এবং ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হয়।

এ এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language