উত্তর আমেরিকা

ট্রাম্প ও পুতিনের ফোনালাপ: ইরান, ইউক্রেন ও বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে আলোচনা

ওয়াশিংটন, ১০ মার্চ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে একটি দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন।

এই ফোনালাপে মূলত ইরান যুদ্ধ, ইউক্রেন সংকট এবং বৈশ্বিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে বিশ্বের ক্ষমতাধর এই দুই নেতার মধ্যে এটিই প্রথম সরাসরি ফোনালাপ।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় এক ঘণ্টাব্যাপী এই আলোচনায় ইরান যুদ্ধ দ্রুত অবসানের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধের সামরিক দিক এবং বিশ্বজুড়ে তেলের বাজারের অস্থিতিশীলতা নিয়েও তারা কথা বলেছেন।

ফোনালাপ শেষ হওয়ার পর ফ্লোরিডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন যে পুতিনের সঙ্গে তার এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি আরো জানান যে রুশ প্রেসিডেন্ট ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে বেশ আগ্রহী। তবে ট্রাম্প পুতিনকে স্পষ্ট করে জানিয়েছেন যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাত বন্ধ করতে পারলে সেটি বর্তমান পরিস্থিতিতে আরো অনেক বেশি সহায়ক হবে।

এই ফোনালাপের মাত্র কয়েক ঘণ্টা আগেই পুতিন আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে একটি কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানবিরোধী হামলার কারণে বৈশ্বিক জ্বালানি খাতে মারাত্মক সংকটের ঝুঁকি তৈরি হয়েছে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কোনো কারণে বন্ধ হয়ে গেলে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট আরো উল্লেখ করেন যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে রাশিয়া পুনরায় ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা চুক্তিতে ফিরে যেতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এ এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language