মেহেরপুর

গাংনীতে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মেহেরপুর, ১০ মার্চ – মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ এবং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

আহতদের মধ্যে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, এলাঙ্গী গ্রামের সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি মোশাররফ হোসেন কালু, স্থানীয় নেতা খাইরুল ইসলাম এবং রাসেল আহমেদকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ করা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নিজস্ব লোকজনের মধ্যে বণ্টন করছেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদ জানাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জড়ো হন। সকাল ১০টার দিক থেকেই উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে কড়ইগাছি মোড়ে অবস্থান নেন।

অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের সমর্থকরাও লাঠি হাতে রাইপুর ইউনিয়ন পরিষদের ভেতরে অবস্থান করছিলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে তা বড় আকারের সংঘর্ষে রূপ নেয়। গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু এবং তার সমর্থকদের অভিযোগ সারগিদুল ইসলাম সম্পূর্ণ অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে বসে দায়িত্ব পালন করছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে দ্রুত সেনাবাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান যে বিএনপির দুই পক্ষের এই সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।

এ এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language