মধ্যপ্রাচ্য

ইরান সংঘাতে ১১টি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র, ক্ষতি ৩৩ কোটি ডলার

তেহরান, ১০ মার্চ – ইরানের সঙ্গে সংঘাতের জেরে বড় ধরনের সামরিক ক্ষতির সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ১১টি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ধ্বংস হওয়া এই ড্রোনগুলোর মোট আর্থিক মূল্য প্রায় ৩৩ কোটি ডলারের বেশি। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এবং সিবিএস নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য এটি অন্যতম বড় সামরিক সরঞ্জামের ক্ষতি। মূলত এমকিউ-৯ রিপার একটি চালকবিহীন আকাশযান।

এটি প্রধানত গোয়েন্দা তথ্য সংগ্রহ, কড়া নজরদারি এবং পর্যবেক্ষণ মিশনে ব্যবহার করা হয়। এর পাশাপাশি নিখুঁত হামলা পরিচালনার ক্ষেত্রেও এই ড্রোন অত্যন্ত কার্যকর। তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এই ধরনের ড্রোন সহজেই ভূপাতিত হওয়ার ঝুঁকিতে থাকে। এই ড্রোনগুলো মূলত এমন সব এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, যেখানে শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।

ভারী প্রতিরক্ষা ব্যবস্থাসম্পন্ন আকাশসীমায় এই ড্রোনগুলো পরিচালনার জন্য উপযোগী নয়। এমকিউ-৯ রিপার ড্রোনের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৮০ কিলোমিটার। অন্যদিকে যুদ্ধবিমানগুলো ঘণ্টায় প্রায় ১২০০ থেকে ১৯০০ মাইল গতিতে উড়তে সক্ষম। ফলে গতি এবং ক্ষমতার দিক থেকে যুদ্ধবিমানের তুলনায় এই ড্রোন অনেক পিছিয়ে রয়েছে।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language