মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

তেহরান, ১০ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সীমিত ওভারের সিরিজ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৩ থেকে ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল এই দুই দলের।
তবে বর্তমান আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে সিরিজটি আয়োজন করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের পক্ষ থেকেও বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার খবর পাওয়া যাচ্ছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে নিবিড় আলোচনা শুরু করেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিরিজ স্থগিত করার কোনো ঘোষণা দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড বা এসিবি এবং শ্রীলঙ্কা ক্রিকেট বা এসএলসি।
তবে সার্বিক নিরাপত্তা বিবেচনা করে আপাতত সিরিজটি স্থগিত রাখার দিকেই বেশি মত দিচ্ছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিকল্প কোনো ভেন্যুতে এই সিরিজ আয়োজনের বিষয়টিও তাদের আলোচনায় এসেছে। কিন্তু এত স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হওয়ায় সেই সম্ভাবনাও আপাতত অনিশ্চিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকাশিত সূচি অনুযায়ী প্রথমে শারজাহ স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা ছিল সেখানে। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ দুবাইয়ের মাঠে হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজের নির্ধারিত ম্যাচগুলো।
এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর আফগানিস্তান দলের নেতৃত্বেও বেশ কিছু পরিবর্তন এসেছে। তারকা ক্রিকেটার রশিদ খানের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। তার নেতৃত্বে এটিই হওয়ার কথা ছিল আফগানিস্তান জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের আরও কয়েকটি সূচিতেও পড়েছে। গত সপ্তাহে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এর ছয়টি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, যেখানে অংশ নেওয়ার কথা ছিল নেপাল, আরব আমিরাত ও ওমানের।
এস এম/ ১০ মার্চ ২০২৬









