বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকা, ১০ মার্চ – নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে প্রতিনিয়ত বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের ভয়াবহ কবলে রয়েছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। এদিন শহরটির বায়ুমানের স্কোর ছিল ২৪১ যা জনস্বাস্থ্যের জন্য খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। আইকিউএয়ারের সূচক অনুযায়ী দূষিত শহরের তালিকায় ২১৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।
এছাড়া ২১৫ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় ১৯২ স্কোর নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডু চতুর্থ এবং ১৭১ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন পঞ্চম অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি আর ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোর হলে সেই বায়ুকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।
বায়ুমানের সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। এমন পরিস্থিতিতে শিশু বয়স্ক এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে অবস্থান করার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয় যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এস এম/ ১০ মার্চ ২০২৬









