আরব দেশগুলোতে ইরানের হামলা বোকামিপূর্ণ, তারা এখন আমাদের পাশে: ট্রাম্প

ওয়াশিংটন, ১০ মার্চ – ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে প্রতিবেশী আরব দেশগুলোতে তেহরানের হামলার কৌশলকে চরম নির্বুদ্ধিতা এবং বোকামিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানের এই ভুল কৌশলের কারণেই নিরপেক্ষ অবস্থানে থাকা আরব দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে।
সোমবার ফ্লোরিডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোতে হামলার যে কৌশল ইরান নিয়েছে তাকে আমি খুবই বোকামিপূর্ণ বলে মনে করি। কারণ ইরানের প্রতিবেশীরা অনেকাংশেই নিরপেক্ষ ছিল অথবা তারা এই যুদ্ধে জড়াতে একেবারেই আগ্রহী ছিল না। কিন্তু তারা প্রতিদিন মুহুর্মুহু হামলার শিকার হওয়ার কারণে ফলাফল সম্পূর্ণ বিপরীত হয়েছে। ইরানের প্রতিবেশী দেশগুলো এখন পুরোপুরি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা ইতোমধ্যে সফলভাবে হামলা শুরু করেছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ অন্যান্য দেশের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ক্রমাগত হামলার শিকার হচ্ছে।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়। তবে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই এই আলোচনা ব্যর্থ হয়। ঠিক তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ওয়াশিংটনের সাথে তাল মিলিয়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামের আরেকটি অভিযান পরিচালনা করে। এই যৌথ হামলার পাল্টা জবাব হিসেবে ইরানও আক্রমণ শুরু করে।
ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তেহরান।
এনএন/ ১০ মার্চ ২০২৬









