উত্তর আমেরিকা

ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমল জ্বালানি তেলের দাম

ওয়াশিংটন, ১০ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ইতিমধ্যে ব্যারেলপ্রতি তেলের দাম শতকরা ৮ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দুই প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উভয়েরই দাম কমেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার দিনের শুরু থেকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯২ দশমিক ৫০ ডলারে। এটি সোমবারের দামের চেয়ে ৮ দশমিক ৫ শতাংশ কম। অন্যদিকে ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৮ দশমিক ৬০ ডলারে যা আগের দিনের তুলনায় ৯ শতাংশ কম।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংকট এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত কয়েক দিন ধরেই অপরিশোধিত তেলের বাজার বেশ চড়া ছিল। গত ৮ মার্চ রোববার তেলের দাম বিগত চার বছরের সব রেকর্ড ভেঙে ফেলে। ওই দিন আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ১০৮ দশমিক ৬৮ ডলারে এবং ডব্লিউটিআই ১০৮ ডলারে বিক্রি হয়। শনিবারের তুলনায় রোববার ব্রেন্ট ক্রুডের দাম ১৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প যুদ্ধ দ্রুত অবসানের ইঙ্গিত দেন। তার এই বক্তব্যের পর থেকেই বাজারে তেলের দাম নিম্নমুখী হতে থাকে। তবে বিশ্লেষকদের মতে যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনো প্রায় ৩০ শতাংশ বেশি রয়েছে।

এনএন/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language