আসাম থেকে পাইপলাইনে বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ঢাকা, ১০ মার্চ – আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান যে ইতোমধ্যেই ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছাবে। দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং এর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ গ্রহণ করেছে।
এর আগে দেশের জ্বালানি সংকট মোকাবিলার উদ্দেশ্যে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ও ভারতের মধ্যকার পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আনার জন্য এই প্রস্তাব দেন।
এনএন/ ১০ মার্চ ২০২৬









