রসনা বিলাস

ইফতারের আয়োজনে ভিন্নতা আনতে তৈরি করুন চিকেন তান্দুরি কাটলেট

সারাদিন রোজা রাখার পর ইফতারের আয়োজনে সাধারণ ছোলা, পেঁয়াজু বা হালিমের পাশাপাশি ভিন্নধর্মী কিছু যোগ করলে খাবারের আকর্ষণ বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে যারা মাংস খেতে ভালোবাসেন, তাদের জন্য ইফতারের টেবিলে মজাদার একটি পদ হতে পারে চিকেন তান্দুরি কাটলেট। খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু এই খাবারটি।

এই কাটলেট তৈরির জন্য প্রয়োজন হবে ২ কাপ হাড়ছাড়া মুরগির মাংস, ২ থেকে ৩টি সেদ্ধ আলু, ২টি ডিম, ৩ থেকে ৪ টেবিল চামচ টক দই, ১ চা চামচ আদা ও রসুন বাটা, ২ টেবিল চামচ তান্দুরি মসলা এবং ১ চা চামচ লাল মরিচ গুঁড়া। এছাড়া আধা চা চামচ গরম মসলা, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ ধনে গুঁড়া, ১ টেবিল চামচ লেবুর রস বা ভিনেগার, ২ টেবিল চামচ মিহি করে কাটা ধনেপাতা, ১ টেবিল চামচ কাঁচামরিচ কুচি, ব্রেড ক্রাম্বস, পরিমাণমতো তেল এবং স্বাদমতো লবণ লাগবে।

কাটলেট প্রস্তুত করতে প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মাংসের সঙ্গে সব মসলা মিশিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করা মাংস মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে ছোট টুকরো করে ঝুরি করে নিতে হবে। এবার একটি বড় পাত্রে চটকানো আলু ও রান্না করা মুরগির মাংসের টুকরোগুলো একসঙ্গে নিতে হবে। এর মধ্যে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই মিশ্রণ থেকে গোল বা লম্বাটে কাটলেটের আকার তৈরি করতে হবে। প্রতিটি কাটলেট প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নিতে হবে।

সবশেষে কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো সোনালি ও মুচমুচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পছন্দের চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করা যায় সুস্বাদু চিকেন তান্দুরি কাটলেট।

এনএন/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language