লাকসামে মাদরাসায় ভয়াবহ আগুন, রক্ষা পেল শিক্ষার্থীরা

কুমিল্লা, ১০ মার্চ – কুমিল্লার লাকসামে একটি মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাদরাসার রান্নাঘরসহ সাতটি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে শিক্ষার্থীরা মসজিদে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে অন্তত দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
সোমবার রাতে লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী এলাকায় অবস্থিত ছালেহীয়া আলিয়া দ্বীনিয়া মাদরাসা ও এতিমখানায় এই আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় শিক্ষার্থীরা মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে তারাবির নামাজ আদায় করছিল। এ সময় এক শিক্ষার্থী মাদরাসা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাদরাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, আগুনে রান্নাঘরসহ সাতটি কক্ষ পুড়ে গেছে। এতে শিক্ষার্থীদের বইপত্র, আসবাব, বিছানাপত্র এবং রাতের সেহরির খাবার নষ্ট হয়ে যায়। এতে প্রায় দশ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল মাওলা চৌধুরী বলেন, রাতে সবাই ঘুমিয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু শিক্ষার্থীরা তারাবির নামাজে থাকায় সবাই প্রাণে রক্ষা পেয়েছে।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এনএন/ ১০ মার্চ ২০২৬









