শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই ও শিক্ষকদের ট্যাব দেবে সরকার

ঢাকা, ১০ মার্চ – দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে প্রত্যেক শিক্ষককে একটি করে ট্যাব সরবরাহ করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার রাতে শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই পরিকল্পনার কথা জানানো হয়।

এদিকে বিএনপির নির্বাচনি ইশতেহারে শিক্ষা খাতের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিন বা ছয় মাসের একটি কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির বিস্তারিত রূপরেখা প্রণয়নের লক্ষ্যে সোমবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই কর্মসূচির রূপরেখায় শিক্ষকদের ট্যাব প্রদানের জন্য ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্প, শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই ব্যবস্থা এবং শিক্ষা কারিকুলাম পর্যালোচনা করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনএন/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language