সিলেটে মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

সিলেট, ৯ মার্চ – সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
সোমবার বিকালে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রবিবার রাতে নগরীর তাঁতীপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত এক প্রবাসীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন তানজিম মাহবুব নিশান, আহসান হাবিব মুন্না, জুবাইন আহমদ, সুফিয়ান আহমদ, মো. জাকির হোসেন, মো. মারজান, মোসাদ্দেক আলী, ফারদিন আহমদ, জয়নাল আবেদীন রাব্বি ও মিজান আহমদ। তাদের সবার বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। অভিযানের সময় জাহিদ আহমদ নামের এক প্রবাসীকে উদ্ধার করে পুলিশ।
এর আগে রবিবার সন্ধ্যায় সুহেল সরকার নামের আরেক যুবককে তাঁতীপাড়া এলাকা থেকে অপহরণ করে চক্রটি। তাকে নাজমা নিবাস নামের একটি বাসার দ্বিতীয় তলায় আটকে রেখে মারধর করা হয় এবং অস্ত্রের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। এছাড়া তার আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে সুহেল বিষয়টি কোতোয়ালী মডেল থানাকে জানালে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ দ্রুত ওই বাসায় অভিযান চালায়। সুহেল সরকারের শনাক্তের ভিত্তিতে পুলিশ ওই ১০ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সুহেল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত কাঁচি, চাকু ও লোহার রড উদ্ধার করা হয়েছে। আসামিদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এনএন/ ৯ মার্চ ২০২৬









