বৈশ্বিক সংকট বিবেচনায় নিয়ে অর্থনৈতিক পরিকল্পনা সাজাচ্ছে সরকার

ঢাকা, ৯ মার্চ – বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য নানা সংকট বিবেচনায় রেখে সরকার দেশের সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা সাজাচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা জানান।
তিনি বলেন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রক্ষেপণ এবং সরকারি কর্মসূচিগুলো বর্তমান বিশ্বের বাস্তবতা মাথায় রেখেই পরিচালিত হবে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে দেশের অর্থনীতিতে যে সম্ভাব্য প্রভাব পড়তে পারে, তা মোকাবিলায় সরকার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করছে। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, বিশ্বে বর্তমানে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে যুদ্ধের কারণে যে অর্থনৈতিক চাপ আসতে পারে, সেটি সর্বোচ্চ বিবেচনায় নেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রক্ষেপণ নির্ধারণের ক্ষেত্রেও বৈশ্বিক পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে মন্ত্রী নিশ্চিত করেন। সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী সরকারি ব্যয় এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয় করা হবে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, সরকার বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য নিবিড়ভাবে কাজ করছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ নিয়ে আলোচনাও অব্যাহত রয়েছে।
বেকারদের ভাতা দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, দেশে বেকারত্ব সমস্যা মোকাবিলা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের একটি। কর্মসংস্থান সৃষ্টির জন্য এরই মধ্যে বড় পরিসরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর কাজ চলছে।
তিনি বলেন, বেকার থাকা পরিবারের কাছে টাকা গেলে তাদের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হলে চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বন্ধ হবে কি না, এমন প্রশ্নের উত্তরে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, নারীপ্রধান কোনো পরিবার যদি আগে থেকেই নির্দিষ্ট কোনো ভাতা পেয়ে থাকেন, তবে ফ্যামিলি কার্ড চালুর পর শুধু সেই নির্দিষ্ট ভাতাটি বন্ধ হবে। তবে টিসিবির মাধ্যমে পণ্য সহায়তা, খাদ্যবান্ধব কর্মসূচি বা অন্যান্য সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
মানুষের অর্থনৈতিক অবস্থার নিয়মিত পরিবর্তন ঘটে উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সবাই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন। তবে উচ্চবিত্তরা কোনো আর্থিক সহায়তা পাবেন না। এই ব্যবস্থাকে নিয়মিত তদারকি ও হালনাগাদ করা হবে বলেও তিনি জানান।
এছাড়া উদ্বোধনের পরপরই ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তার অর্থ সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাওয়ার কথা নিশ্চিত করেছেন মন্ত্রী।
এনএন/ ৯ মার্চ ২০২৬









