জাতীয়

ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত আছে, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৯ মার্চ – বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়-এ ভোজ্যতেল আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, সম্প্রতি বাজারে যে সংকটের কথা শোনা গেছে, তার মূল কারণ ছিল ভোক্তাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করা। এতে সাময়িকভাবে কিছু দোকানে সরবরাহের চাপ তৈরি হয়েছিল। তবে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের যথেষ্ট মজুত রয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে তিনি দেখেছেন বড় দোকানগুলোতে বোতলজাত ভোজ্যতেল পর্যাপ্ত আছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা রয়েছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত মজুত রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

ভোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, অযথা আতঙ্কিত হয়ে বেশি বেশি তেল কেনার প্রয়োজন নেই। এতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে।

তিনি জানান, বাজারে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করবে।

এনএন/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language