দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ৯ মার্চ – ফাল্গুনের শেষ সময়ে দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত চব্বিশ ঘণ্টায় নেত্রকোণায় ৭ দশমিক ১ মিলিমিটার এবং মোংলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের নিকলি ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। সোমবার সকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় নরসিংদী ও খুলনায় দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার ও বুধবার দেশের আট বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই দুই দিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এনএন/ ৯ মার্চ ২০২৬









