জাতীয়

দেশের প্রধান জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

ঢাকা, ৯ মার্চ – জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য জানায়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন ডিপো থেকে কিছু ক্ষেত্রে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনাসহ দেশের অন্যান্য প্রধান ডিপোগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এই ডিপোগুলোর মধ্যে রয়েছে খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ী, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপো।

দেশের জ্বালানি তেলের ডিপোগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হওয়ায় জরুরি ভিত্তিতে এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এই প্রেক্ষাপটে বিপণন কোম্পানিগুলোর উল্লিখিত স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে পতেঙ্গা, দৌলতপুর, বাঘাবাড়ী, গোদনাইল, ফতুল্লা, পার্বতীপুর এবং বরিশাল ডিপোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এনএন/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language